ছাতকে নৌকা নোঙ্গর করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
- Update Time : ০১:২০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে সুরমা নদীর তীরে নৌকা নোঙ্গর করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে মন্ডলীভোগ এলাকার সুরমা নদীর তীরে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ডলীভোগ এলাকার সুরমা নদীতে নারী-পুরুষসহ এলাকার লোকজন দীর্ঘদিন ধরে গোসল করে আসছে। সোমবার সকালে শহরের মেডিকেল রোডের বাসিন্দা নজরুল ইসলামের একটি ইঞ্জিন চালিত নৌকা নদী তীরে নোঙ্গর করতে গেলে গোসলে আসা লোকজন এতে বাঁধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হলে স্থানীয় লোকজন বিষয়টি তাৎক্ষনিক নিষ্পত্তি করে দেন। এরপরও বিকেলে নজরুল ইসলাম তার লোকজন নিয়ে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত হাসান আহমদ, এমরান আহমদ, রুবেল মিয়া ও সোহাগ আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।





























