৩৫ বস্তা সরকারি চালসহ ব্যবসায়ী আটক
- Update Time : ১১:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫ বস্তা চাল জব্দ ও জাহিদুল ইসলাম (৪০) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান বৃহস্পতিবার দুপুরে পুলিশের সহযোগিতায় হিন্দুকান্দি গ্রামের কলোনিপাড়ার বাড়ি থেকে চালসহ ওই ব্যবসায়ীকে আটক করেন। বিকালে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়, জাহিদুল ওই গ্রামের জয়নাল সরদারের ছেলে। গোপনে খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান বৃহস্পতিবার দুপুরে পুলিশের সহযোগিতায় ওই বাড়িতে অভিযান চালান। বাড়িতে ৩০ কেজি ওজনের ৩৫ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। চাল রাখার অভিযোগে জাহিদুলকে আটক ও বস্তাগুলো জব্দ করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, সরকারি চাল ক্রয় করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনাসাপেক্ষে জাহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হবে।


























