৩০ ডিসেম্বর নির্বাচন উপলক্ষে দেশবাসীর প্রতি আমীরে মজলিসের আহবান
- Update Time : ১২:৪৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিসের আমীর ও ২৩ দলীয় জোটের শীর্ষ নেতা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক আগামী ৩০ ডিসেম্বর ভোটারদেরকে সাহস ও হিম্মত নিয়ে খুব সকালে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার উদাত্ত আহবান জানিয়েছেন।
তিনি বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের দিন। সম্পূর্ণরূপে একটি অসমতল মাঠে এ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিন পর্যন্ত বিরোধী দলীয় জোটের প্রার্থী, কর্মী, সমর্থকদের উপর সরকারী দলের লাঠিয়াল বাহিনীর বর্বরোচিত হামলা, পুলিশের মিথ্যা মামলা, গ্রেফতার নির্যাতনের ঘটনাই ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার মূল বিষয়।
সরকার দলীয় প্রার্থীর লাঠিয়ালবাহিনীর হামলা, বাধায় দেশের অধিকাংশ জায়গায়ই বিরোধী দলীয় প্রার্থীগণ প্রচার প্রচারণা চালাতে পারে নি। সারাদেশে একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।
এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল অত্যন্ত লজ্জাজনক ও হতাশার। বিরোধী দলীয় প্রার্থীদের প্রচার প্রচারনায় নূন্যতম সুযোগ সৃষ্টিতে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে ইসি।
৩০ ডিসেম্বর ভোটাররা যাতে ভোট দিতে ভোট কেন্দ্রে না যায় সে জন্যেই সরকারী দল প্রশাসনের সহযোগিতায় এই ভয়ভীতি, হামলা, মামলা ও গ্রেফতারের ঘটনা ঘটনা অব্যাহত রেখেছে। কিন্তু ভয়ভীতি, হামলা, মামলা হুলিয়া কোন কিছুই দেশবাসীকে ভোট দিতে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না।
বর্তমান সরকারের সীমাহীন জুলুম, নির্যাতন, গুম, হত্যার জবাব দেয়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ৩০ ডিসেম্বর জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে সরকারের সীমাহীন দুর্নীতি, জুলুম, নির্যাতন, গুম, হত্যার জবাব দিবে, ইনশাআল্লাহ। জালিমের পতন ও মজলুমের বিজয় অনিবার্য।
বিবৃতিতে তিনি দেশের নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের ভোটারদেরকে সাহস ও হিম্মত নিয়ে খুব সকালে প্রস্তুুতি নিয়ে সকল বাঁধা অতিক্রম করে ভোট কেন্দ্রে গিয়ে খেলাফত মজলিস, ২৩ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের প্রার্থীদের পক্ষে ভোট দেয়ার উদাত্ত আহবান জানান।
৩০ ডিসেম্বর যাতে কোন রকম কেন্দ্র দখল, ভোট ডাকাতি, ফলাফল ছিনতাই না হতে পারে সেজন্যে ২৩ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান। বিজ্ঞপ্তি



















