৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ক্রয়- বিক্রয় নিষিদ্ধ করেছে প্রশাসন
- Update Time : ০২:৫৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: মা ইলিশ রক্ষা করার জন্য সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন ‘৯ থেকে ৩০’ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে। এসময় সার দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ বলে প্রশাসনের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। ওই সময়টুকু (২২দিন) ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম হওয়াতে ইলিশ মাছ ধরা বন্ধ রাখার জন্যই নির্দেশনা দিয়েছে প্রশাসন।
এ আইন অমান্য করে কেউ ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় করলে শাস্তি হিসেবে তার কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা উভয় দন্ড প্রদান করার বিধি রয়েছে।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল বলেন, ওই সময়টুকুতে যাতে কেউ ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় করতে না পারেন সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হবে। আর কেউ আইন অমান্য করলে তাকে আইনের আওতায় আনা হবে।





























