২৫ টাকার খাসির চামড়ার সঙ্গে বকরিরটা ফ্রি!
- Update Time : ০১:২২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রতি পিস খাসির চামড়া ২৫ টাকা দরে বিক্রি হয়েছে। সেই সঙ্গে খাসির চামড়ার সঙ্গে বকরির চামড়া ফ্রি দেওয়া হয়েছে। রোববার ঈদুল আজহার দিন দুপুরে রাজশাহীর বাঘায় ফড়িয়া ব্যবসায়ীদেরকে গ্রামে গ্রামে ঘুরে এ দরে চামড়া কিনতে দেখা গেছে। আড়ানী রেল স্টেশন নুরনগর খয়েরমিল গ্রামের ফড়িয়া ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, চাহিদা না থাকায় প্রতি পিস খাসির চামড়া ২৫ টাকা দরে কিনেছি। তবে বকরির চামড়া কেউ না কেনায় ফ্রিতে নিয়েছি। তিনি বলেন, পরিবহণ খরচ বাদে প্রতি পিস খাসির চামড়ায় এক থেকে দুই টাকা লাভের আশা করছি। বকরির চামড়া কেউ কিনতে না চাওয়ায় মাটিতে পুঁতে ফেলার ভয়ে ফ্রিতে দিয়েছেন। বকরির চামড়া আড়তে নেবে কিনা জানি না। না নিলে ফেলে দিতে হবে। আড়ানী গোচর গ্রামের সমাজপ্রধান আকরাম আলী বলেন, চামড়ার কোনো চাহিদা নেই। কুরবানির পশুর চামড়া কেউ কিনতে চাচ্ছিলেন না। অবশেষে স্থানীয় একজন ফড়িয়া ব্যবসায়ী এসে খাসির চামড়া প্রতি পিস ২৫ টাকা দরে কিনেছেন। তাকে বকরির চামড়া ফ্রিতে দিয়েছি। গত বছর যে দাম ছিল তার চেয়ে দ্বিগুণ দাম কমে চামড়া বিক্রি করেছি। আড়ানীর চামড়া আড়তদার হুমায়ন হোসেন বলেন, চাহিদা না থাকায় চামড়া কম দামে নিতে হচ্ছে। এ চামড়া কিনেও লাভ হবে কিনা জানা নেই, তারপরও কিনেছি। ফড়িয়াদের কাছে দুই-এক টাকা বেশি দিয়ে চামড়া কিনেছি। এছাড়াও সমাজপ্রধানের প্রতিনিধিরা চামড়া নিয়ে আসছেন। তাদের কাছ থেকেও ফড়িয়াদের মতো দাম দিয়ে কিনেছি।
আরেক আড়তদার আলতাফ হোসেন বলেন, আড়তে বসে খাসির চামড়া ৩০-৩৫ টাকা দরে কিনছি। গরুর চামড়া ৩৫০-৬০০ টাকায় কেনা হচ্ছে। বর্তমানে চামড়ার কোনো চাহিদা নেই। বকরির চামড়ার একদমই চাহিদা নেই। তারপরও বাধ্য হয়ে প্রতি পিস পাঁচ টাকা দরে কিনতে হচ্ছে।



























