১৪ হাজার সাংবাদিকদের ‘তথ্য ফাঁস’, যা বলছে ইসি
- Update Time : ০৭:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের পরিচয়পত্র (কার্ড) দেওয়ার জন্য চালু করা নির্বাচন কমিশনের (ইসি) একটি ওয়েবসাইটে সাময়িকভাবে সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে তথ্য ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি স্বীকার করে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে জানা যায়, সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড এবং গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। এ প্রক্রিয়ায় প্রায় ১৪ হাজার সাংবাদিক নিবন্ধন করেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে ইসির pr.ecs.gov.bd ওয়েবসাইটটি হঠাৎ উন্মুক্ত হয়ে যায়। এ সময় কেউ লগইন করলে ওয়েবসাইটের হোমপেজেই সাংবাদিকদের আবেদনের তালিকা দেখা যাচ্ছিল। তালিকার সঙ্গে আবেদনকারীদের নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, মোবাইল নম্বরসহ সম্পূর্ণ আবেদন দেখার অপশনও পাওয়া যায়। কিছু সময় পর ওয়েবসাইটটিতে আর প্রবেশ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক দেশ টিভিকে বলেন, সাংবাদিকদের জন্য চালু থাকা ওয়েবসাইটটি আমরা গত বৃহস্পতিবারই বন্ধ করে দিয়েছি। তবে পর্যবেক্ষকদের কার্ডের অপশনটি চালু ছিল। আজ সেটিও বন্ধ করার জন্য আইটি টিমকে নির্দেশনা দেওয়া হয়। তিনি আরও বলেন, সাইট ডাউন করার সময় সার্ভারটি সাময়িকভাবে ওপেন ছিল। ওই কয়েক মিনিটে যারা প্রবেশের চেষ্টা করেছে, তারা এডমিন প্যানেল দেখতে পেয়েছে। এ কারণেই অনেকের মনে হয়েছে সাইট হ্যাক হয়েছে বা তথ্য পাচার হয়েছে। আসলে তা নয়। তথ্য ফাঁসের আশঙ্কা নাকচ করে তিনি বলেন, সাইট এখন পুরোপুরি বন্ধ। সেখানে কারো প্রবেশের কোনো সুযোগ নেই। কোনো ধরনের ডাটা লিক বা হ্যাক হওয়ার ঘটনাও ঘটেনি।


















