হাওররক্ষা বাঁধে ফাটল, পিআইসি সেক্রেটারিকে গণধোলাই!
- Update Time : ০৯:১৭:২০ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হাওর রক্ষা বাঁধে ফাটল দেখা দেওয়ায় বিক্ষুব্ধ কৃষকরা ওই বাঁধের বাস্তবায়ন কমিটির সদস্য সচিবকে (সেক্রেটারি) ধরে বেদড়ক মারধর করেছেন সুনামগঞ্জের দিরাইয়ে। আজ বুধবার দুপুরে উপজেলার হুরামন্দিরা হাওর উপ-প্রকল্পের ৫৫নং পিআইসি কর্তৃক বাস্তবায়নকৃত বাঁধে এ ঘটনা ঘটে। মারধরে আহত প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জগদল ইউনিয়নের চান্দপুর গ্রামের মো. আব্দুল্লার ছেলে মো. শামসুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা দেন। স্থানীয়রা জানান, কয়েক দিনের পাহাড়ি ঢলে নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। ৫৫নং পিআইসির করা বাঁধটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এতে ঝুঁকির মুখে পড়ে বোরো ফসল। বুধবার শামসুল ইসলাম বাঁধ দেখতে গেলে সেখানে উত্তেজিত কৃষকরা তার ওপর হামলা চালায়। বেধরক কিল, ঘুষিতে নাক ফেটে গুরুতর আহত হন তিনি। স্থানীয় কয়েক কৃষক বলেন, এই বাঁধে প্রায় ১৩ লাখ টাকা বরাদ্দ ছিল। অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে খুবই নিম্নমানের কাজ করা হয়েছে। দুরমুজ করেনি, ঘাস লাগায়নি, স্লোফ ঠিক ছিল না, বালি মাটিতে বাঁধ মেরামত করা হয়েছে। এখন সামান্য পানি আসতেই বাঁধের অবস্থা নাজুক হয়ে উঠেছে। তারা বলেন, কাজ চলাকালে আমরা বারবার ওদের বলেছি- ঠিকঠাক কাজ করতে। তবে, রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে থাকায় তারা কারো কথায় পাত্তা দিতো না। ইউপি সদস্য রুমন মিয়া চৌধুরী কৃষকের হামলায় পিআইসি সদস্য সচিব শামসুল ইসলাম আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

























