হাইকোর্ট থেকে জামিন পেলেন বিএনপি নেতা সিলেটের খন্দকার মুক্তাদির
- Update Time : ০৬:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমানার অভিযোগ এনে দায়েরকৃত মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের সম্ভাব্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির জামিন পেয়েছেন। ওই মামলার বাকি ৮ আসামীকেও জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ তাকে ৮ সপ্তাহের জামিন প্রদান করেন।আদালতে জামিন আবেদন শুনানীতে আসামীপক্ষে অংশ নেন ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য গত ১ ডিসেম্বর সিলেট সদর উপজেলার হাটখোলা ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনায় প্রধান অতিথি হয়ে যোগদান করেন খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠান চলাকালে ইউনিয়ন পরিষদে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টিয়ে রাখা হয়। এতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে ‘অবমাননা’ করা হয়েছে, এমন অভিযোগ এনে সিলেট জেলা বারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগ নেতা নুরে আলম সিরাজী জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন (নং-৬/৫/১২/১৭ইং)। গত ১১ ডিসেম্বর দায়ের করা ওই মামলায় খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান আসামী করা হয়। মামলায় সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আজির উদ্দিন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, বিএনপি নেতা আবুল হাসনাত, ইসলাম উদ্দিন, মোহাম্মদ আলী, জইন উদ্দিন, দুলাল রেজা, মুরাদকেও আসামী করা হয়।



















