সড়কের উন্নয়ন কাজে প্রকৌশলীর ঘুষিতে ফাটলো চেয়ারম্যানের নাক
- Update Time : ০৩:০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: উপসহকারী প্রকৌশলীর ঘুষিতে নাক ফাটলো এক ইউপি চেয়ারম্যানের। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রোববার বিকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত নজরুল ইসলাম সিকদার বাবুলকে (৫০) পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি রাজাখালী ইউপির নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই প্রকৌশলীকে উত্তম-মধ্যম দিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে পেকুয়া থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন, পেকুয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করতে বাড়ি থেকে বের হই। দশেরঘোনা সড়কের সংস্কার কাজ চলছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রিজে নেমে কাজের অগ্রগতি তদারকি করি। এ সময় সেখানে উপস্থিত থাকা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আলিমের সঙ্গে কথা হয়। ঝুঁকিপুর্ণ ব্রিজের বিষয় নিয়ে আগামী সমন্বয় সভায় তাকে আলাপ করতে একটু অনুরোধ করি। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে আমার নাকে ঘুষি মারে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজাখালীতে একাধিক সড়কের উন্নয়ন কাজ চলছিল। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন চেয়ারম্যান বাবুল। এদিন ব্রিজের উপর ফাটল অংশে ঢালাইকাজ চলছিল। চেয়ারম্যন গাড়ি থেকে নেমে কাজের তদারকি দেখতে যায়। এ সময় ইঞ্জিনিয়ার তার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে গায়ে হাত তুলে। তাতেই চেয়ারম্যানের নাক ফেটে রক্ত আসে। ওই প্রকৌশলীর দ্রুত অপসারণ চেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন প্রতিবাদ করতে থাকে। পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রাজাখালী ইউপি চেয়ারম্যান ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আলিমের মধ্যে ভুল বুঝাবুঝির ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।


























