সুনামগঞ্জে হামলা চালিয়ে আসামী ছিনতাই : দু’ঘন্টার অভিযানে মূল আসামীসহ আটক ৭
- Update Time : ০৬:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জে নারী নির্যাতন মামলার দুই আসামীকে আটক করে নিয়ে যাওয়ার পথে গ্রামের নারী-পুরুষ হামলা চালিয়ে আসামীদের ছিনতাই করে নিয়ে গেছে বলে খবর পাওয় গেছে। এ ঘটনার পর টানা দু’ঘন্টা অভিযান চালিয়ে মূল আসামীসহ ৭জনকে আটক করেছে থানা পুশিল।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) পৌরসভার গনিপুর গ্রাম থেকে নারী নির্যাতন মামলার আসামী ও গনিপুর মসজিদের ইমাম আতাউর রহমানকে আটকের পর থানায় নিয়ে যাওয়ার পথে হামলা ও আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার সকাল ১১টায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী মসজিদের ইমাম আতাউর রহমানকে পুলিশ গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসার সময় আতাউরের স্বজন ও গনিপুর গ্রামের বেশ কয়েকজন নারী-পুরুষ মিলে পুলিশের উপর লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে হামলা চালিয়ে আসামী আতাউরকে ছিনিয়ে নিয়ে যায়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে এবং আরো দু’ঘন্টা অভিযান চালিয়ে মূল আসামী আতাউরকে আটক করা হয়। এ নিয়ে মোট ৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশ আরো জানায়, গত বছরের ডিসেম্বর মাসে সদর উপজেলার শাখাইতি গ্রামের মাওলানা রিয়াজ উদ্দিনের মেয়ে হাবিবা আক্তার বাদি হয়ে তার স্বামী আতাউর রহমান, দেবর কামরুল, শশুর আবুল কাশেম ও আবুল কালাম এবং ননদ সুচনা বেগমকে আসামী করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি যৌতুকের মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে আসামী আতাউর ও তার স্বজনরা পলাতক ছিলেন।
মামলায় উল্লেখ করা হয়, হাবিবার দেবর কামরুলকে বিদেশে পাঠানোর জন্য নগদ তিন লাখ টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে চাপ প্রয়োগ করছিলো শশুর বাড়ির লোকজন। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় হাবিবা আক্তারের ওপর চালানো হয় অমানসিক অত্যাচার ও নির্যাতন।
এরই প্রেক্ষিতে আজ সকালে সদর মডেল থানার এস আই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল গনিপুর এলাকায় মুল আসামী ও গনিপুর জামে মসজিদের ইমাম আতাউর রহমানকে আটক করে থানায় নিয়ে আসার সময় পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই করে নিয়ে যায় আতাউরের স্বজন ও সহযোগিরা। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষনিকভাবে ৬জনকে আটক করে। এ ঘটনায় আরো একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ হামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ দু’ঘন্টা অভিযান চালিলে নারী নির্যাতন মামলার মূল আসামী আতাউর রহমানসহ ৭ জনকে আটক করে।



















