সুনামগঞ্জে সাবেক হুইপ আসপিয়ার জানাজায় মানুষের ঢল
- Update Time : ০৭:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আসপিয়ার জানাজা আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন শায়খুল হাদিস আল্লামা শায়খ মাওলানা নুরুল ইসলাম খান। জানাজায় অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে সুনামগঞ্জ পৌর চত্বরে। সকাল থেকেই সুনামগঞ্জ পৌর চত্বরে বিভিন্ন স্থান থেকে আসা শুরু করেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ। দুপুর ১টায় তাকে নেওয়া হয় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জানাজার আগে উপস্থিত সবার উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘আমরা আজ আমাদের অভিভাবককে হারিয়েছি। আমি দীর্ঘদিন তাঁর নেতৃত্বে কাজ করেছি। সব সময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। তিনি মানুষকে খুব ভালোবাসতেন। তাঁর শূন্যতা পূর্ণ হওয়ার নয়।’ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন বলেন, ‘আসপিয়া সাহেব খুব ভালো একজন মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশ করছি।’ সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘আসপিয়া সাহেব খুব ভালো মানুষ ছিলেন। উনার ভাটি অঞ্চলে খুব জনপ্রিয়তা ছিল। তাঁর মৃৃত্যুতে আমরা সবাই শোকাহত।’ সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ‘আসপিয়া সাহেব শুধু আমাদের নেতা ছিলেন না, সারাদেশের নেতা ছিলেন। বিশেষ করে উনি ভাটি অঞ্চলের মানুষের প্রিয় নেতা ছিলেন। উনি যখন সংসদ সদস্য ছিলেন তখন হাওর এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। যার সুফল মানুষ এখন ভোগ করছে।’ ফজলুল হক আসপিয়ার ছেলে ব্যারিস্টার আব্দুল হক বলেন, ‘আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন তিনি আমাকে বলেছিলেন, আমি হয়তো আর বেশিদিন বাঁচবো না। সুনামগঞ্জের মানুষ খুব সহজ সরল। তুমি ওদের পাশে থাকার চেষ্টা করো। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি নাদীর আহমদ, এড. মল্লিক মইনুদ্দিন সুহেল, সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ পৌর বিএনপির সভাপতি এড. শেরেনুর আলী, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদ, সুনামগঞ্জ পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলী খান, সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী মমতাজুল ইসলাম আবেদ প্রমুখ।





























