সুনামগঞ্জে সাংবাদিক শাহীনের উপর ২য় দফা হামলা : স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
- Update Time : ০৮:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া গ্রামে প্রতিপক্ষ আফতাব উদ্দিন ও সৎ ভাইদের হাতে ২য় বার হামলার শিকার হয়েছেন সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন (৫৩)। তিনি স্থানীয় পাটানপাড়া নিবাসী মরহুম সিরাজ মিয়া সর্দারের ২য় পুত্র এবং দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় পূর্ব বিরোধের জের ধরে পাটানপাড়া গ্রামস্থিত বসতবাড়ীর উত্তর পার্শ্বে আফতাব উদ্দিনের হুকুমে প্রতিপক্ষীয় সৎ ভাই শিপন ও রিপনগং বেদম কিল ঘুষি মেরে শাহীনকে রক্তাক্ত জখম করে আহত করার পাশাপাশি তার পকেটে থাকা ৫ হাজার টাকা ছিনতাই করে। ঘটনার পর শাহীন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনার পর পরই এসআই মো.জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে বাদাঘাট ক্যাম্পের পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থলে শিপন ও রিপনকে দেখতে পান। কিন্তু তিনি শাহীনকে হাসপাতালে প্রেরণ করলেও কাউকে গ্রেফতার করেননি। জানা যায়, শাহীনের চাচী ফেরদৌস বেগম তার বসতঘর,জমি ও বাজারের দোকানপাট দখলের প্রতিবাদে রিপন শিপন ও আফতাবগংসহ ১০ জনের বিরুদ্ধে,গত ১৩ সেপ্টেম্বর আমলগ্রহনকারী জুডিসিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৩৮৫/৩৭৯/৫০৬/৪৪৮ ধারায় ১৯৮/২০২২ নং পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে তাহিরপুর থানার এসআই সাইদুর রহমান ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ১ টার সময় দায়েরকৃত মামলাটি সরজমিনে তদন্ত করেন। উক্ত মামলা দায়েরের আক্রোশে আফতাব উদ্দিনের নির্দেশে সন্ত্রাসীরা ফেরদৌস বেগমের ভাসুরের পুত্র শাহীনের উপর হামলা করে। এর আগে গত ২১ জুলাই বৃহস্পতিবার দুপুর ১ টার বাড়ীর সামনের পাটানপাড়া বাজারস্থ ভৈরবীঘাট ঘাট দখল করতে এসে শাহীনের উপর প্রথমবার হামলা করে তাকে খুন করার চেষ্টা করে আফতাব উদ্দিন ও তার সহযোগীরা। তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেকার হোসেন বলেন,আমি ঘটনা জানামাত্র ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি। হামলাকারীদের বিরুদ্ধে ফেরদৌস বেগমের দায়েরকৃত কোর্ট পিটিশন আমাদের কাছে তদন্তাধীন রয়েছে। আমরা অবশ্যই এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেবো। অসহায় শাহীন তার উপর বারংবার হামলাকারীদের গ্রেফতারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।


























