সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আরও একজন গ্রেফতার
- Update Time : ০৪:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের তাহিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল হোসেনকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি ঘাগটিয়া গ্রামের আলামত আলীর ছেলে রইস উদ্দিন (৪০)। বুধবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মানিগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিশ্বাস। এ নিয়ে মামলার ১১ আসামির মধ্যে ৫জনকে গ্রেফতার করল পুলিশ। এর আগে ঘটনার ভিডিও ফুটেজ দেখে সোমবার ঘাগটিয়া এলাকার সামু মিয়ার ছেলে ফয়সাল আহমেদ, শাহনুর মিয়ার ছেলে আনহারুল ইসলাম, ছবিরুল ইসলামের ছেলে তাহির হোসেন, গোলাম হোসেনের ছেলে মাসবিরুল ইসলাম আটক করে পুলিশ। উল্লেখ্য, সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে যান। এসময় স্থানীয় বালু পাথরখেকো চক্র সাংবাদিক কামাল হোসেনকে হামলা করে ঘাগটিয়াবাজারে জনসম্মূখে গাছের সাথে বেঁধে নির্যাতন করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বাদাঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম জানিয়েছেন, বাকি আসামিদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।





























