সুনামগঞ্জে বিল্লাল হত্যা মামলার আসামী রুবেলকে গ্রেফতারের দাবী
- Update Time : ০২:৪২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আল হেলাল, সুনামগঞ্জ :: সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামের বারকি শ্রমিক বিল্লাল মিয়া হত্যা মামলার প্রধান আসামি রুবেলকে গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বেলা ২ টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের পরিবারবর্গ ও স্বজনরা হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতারে পুলিশ প্রশাসনের ব্যর্থতা তুলে ধরেন। তারা বলেন ঘটনার ৮ মাস অতিবাহিত হলেও খুনী রুবেলকে গ্রেফতারের চেষ্টা করছেনা পুলিশ প্রশাসন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের স্ত্রী মিনারা খাতুন। এসময় নিহতের মা ছকিনা খাতুন,ভাই জলিল মিয়া,ছেলে হেলাল মিয়া ও নিহতের চার শিশু সন্তান উপস্থিত ছিলেন। তারা বলেন,খুনিরা এতটাই প্রভাবশালী যে, ঘটনার পরপরই উচ্চ আদালতের আদেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ইতিমধ্যে জামিন লাভ করে আমরা অসহায় পরিবারটিকে মামলা প্রত্যাহারের জন্য হুমকী দিয়ে যাচ্ছে। পুলিশ যদি মূল আসামী রুবেলকে গ্রেফতার করে তাহলে কাইয়ারগাঁও গ্রামে কিছুটা হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য গত ২৩ আগস্ট রাতে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামে বালি শ্রমিক বিল্লাল মিয়া কে একই গ্রামের হরজু মিয়ার পুত্র বিরাজ মিয়া,বিরাজ মিয়ার পুত্র আলমগীর ও রুবেল এবং জরজড়িয়া গ্রামের ইউসুফ আলীর পুত্র নুরুল আলম প্রমুখ পূর্ব বিরোধের জের ধরে নৃশংসভাবে খুন করে। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামী রুবেল এখন পর্যন্ত পলাতক রয়েছে বলে জানান নিহতের পরিবারের লোকজন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম ও সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ আবুল কালাম জানান,পুলিশ রুবেলকে গ্রেফতারের জন্য হন্য হয়ে খুজে বেড়াচ্ছে।


























