সুনামগঞ্জের দোয়ারায় আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
- Update Time : ০৫:১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার সুরমা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান তানভীর আশরাফী বাবুর এক সমর্থককে আটক করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিমের সমর্থকরা। এ বিষয়টি সমাধানের লক্ষ্যে শনিবার সকাল ১১টায় সুরমা ইউনিয়নের টেংরাটিলা বাজারে সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে ১২ জন আহত হন। আহতরা হলেন- সুরমা ইউনিয়নের গিরিশ নগরের মিজানুর রহমান, আবুল কালাম, আনোয়ার হোসেন, আব্দুল মতিন, সুজন, তামিম, সিরাজুল, রতন, ইউপি সদস্য আব্দুল মতিন, তাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আব্দুল মুকিত আকাশ। আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন বলেন, কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি। তবে নৌকা এবং কাপ-পিরিচ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।





























