সুনামগঞ্জের জামালগঞ্জ কৃষি অফিসে ১৬ টি পদ শূন্য: বঞ্চিত কৃষক সেবা
- Update Time : ০৪:৩৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হাওর বেষ্টিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকটে রয়েছে। কৃষি অফিসের ২৯টি পদের মধ্যে কর্মকর্তা সহ ১৬ টি পদ শূন্য রয়েছে। জানা যায়, কৃষি কর্মকর্তা মোঃ আজিজল হক গত জুলাই মাসে পদোন্নতি জনিত কারণে বদলি হওয়ার পর থেকে এখন পর্যন্ত উক্ত পদটি শূন্য রয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন টিপু জুলাই মাস থেকে জামালগঞ্জে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছেন। আরও জানা যায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ২ টি পদের মধ্যে ২ টি , উপসহকারী কৃষি কর্মকর্তা ১৫ টি পদের মধ্যে ৮ টি , অফিস সহকারী ৩ টি পদের মধ্যে ২ টি, পি পি এম ২ টি পদের মধ্যে ১ টি, অফিস সহায়ক ১ টি পদের মধ্যে ১ টি ও অফিস গার্ড ১ টি পদের মধ্যে ১ টি শূন্য রয়েছে। বোরো মৌসুমে কৃষি অফিসে জনবল সংকটের কারণ কৃষকরা পড়েছেন বিপাকে। পাগনার হাওরের কৃষক প্রিন্স তালুকদার বলেন, এবছর এমনিতেই দেরি করে হাওরের পানি নামছে। বীজবপন এবার অনেক পরে হচ্ছে। বীজতলা ও ধান রোপণের পর অনেক রোগ বালাই দেখা দেয়, বিশেষ করে সবজি চাষে সঠিক সময়ে পরামর্শ না পাওয়ার কারণে অনেক সবজি চাষী ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই কৃষকের সংকট কালীন সময়ে দ্রুত পরামর্শের জন্য জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসার জরুরি প্রয়োজন।
এব্যাপারে জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ( অতিরিক্ত দ্বায়িত্ব) সালাউদ্দিন টিপু বলেন, আমি অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছি। জনবল সংকটের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও পুরোপুরি ভাবে সেবা দিতে পারছি না। শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে লিখিত আবেদন করেছি।
সুনামগঞ্জ জেলা উপ-পরিচালক ফরিদুল হাসান বলেন, কৃষি কর্মকর্তা খুব দ্রুত পদায়ন হবে। আর উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ থাকা সত্ত্বেও হাইকোর্টে স্থগিতাদেশ থাকার কারণে পদায়ন করা যাচ্ছে না। আশা করি দ্রুত সমাধান হবে।
সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীলিপ কুমার অধিকারী বলেন, হাওর অঞ্চলের কৃষি অফিস গুলোতে জনবলের বিরাট সংকট রয়েছে। এরকম সংকট থাকলে উৎপাদনে ঘাটতি দেখা দিবে। জনবল সংকট দূর করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। অচিরেই জামালগঞ্জ কৃষি কর্মকর্তা পদটি পূরণ হয়ে যাবে।





























