সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদির লুনা
- Update Time : ০৩:৪৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: একাদশ জাতীয় নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। সিলেট-২ আসনের বিএনপির প্রার্থী হলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। সোমবার বিকেল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের চিঠি দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, প্রতিটি আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চূড়ান্তভাবে একজন প্রার্থীকে রেখে সবাই মনোনয়ন প্রত্যাহার করবেন আগামী ৯ ডিসেম্বর। ওইদিন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
বিএনপির দলীয় প্রার্থী চুড়ান্ত তালিকা ঘোষনার সত্যতা স্বীকার করে তাহসিনা রুশদির লুনা বলেন, আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। সিলেট ২ আসনে তাঁর নাম ঘোষনা করা হয় এবং দলীয় চিঠি পেয়েছেন বলে তিনি জানান।
তিনি বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সুষ্ট নির্বাচন হলে সারা দেশে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। তিনি নিখোঁজ স্বামী ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য এলাকার সকল ভোটারের কাছে দোয়া কামনা করেন। সিলেট-২ আসনের দুই উপজেলার সমস্যাগুলো চিহ্নিতকরে সেগুলোর সমাধানের পথ খুঁজতে টিম গঠন এবং সে অনুযায়ী নির্বাচনী ইশতেহার তৈরি করবেন বলে জানিয়েছেন। এক্ষেত্রে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
জানাগেছে, সকল-জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট নির্বাচনে অংশগ্রহন করার ঘোষনা দেয়। এরপর দলীয় মনোনয়ন ফরম বিক্রিয় ঘোষনা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতিমধ্যে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দেন ইলিয়াসপত্নী লুনা ও তার ছেলে আবরার ইলিয়াস অর্ণব। সিলেট-২ আসন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ সাড়ে ৬ বছর ধরে নিখোঁজ রয়েছেন। এখনও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা বনানী থেকে তার ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলীসহ নিখোঁজ হন তিনি। ইলিয়াস আলীর অবর্তমানে সিলেট-২ আসনে তার স্ত্রী তাহসিনা রুশদির লুনা দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়া তাহসিনা রুশদির লুনা দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। তিনি এলাকার মানুষের কাছে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেও পরিচিত।
সিলেট-২ আসনে একক প্রার্থী হিসেবে নিখোঁজ বিএনপি নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা তাহসিনা রুশদি লুনার নাম ঘোষনা করা হয়। সিলেট-২ আসনে একক প্রার্থী তাহসিনা রুশদি লুনা নাম প্রকাশ হওয়ায় বিকেলে থেকে বিশ্বনাথ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন জানিয়ে পোষ্ট করতে দেখা যায়। এতে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত।
তাহসিনা রুশদির লুনার সবচেয়ে বড় পরিচয় তিনি নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলীর সুযোগ্য সহধর্মিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের সাবেক এজি এস তাহসিনা রুশদি লুনা। স্বামী ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর বাংলাদেশ রাজনীতিতে ব্যাপক পরিচিত লাভ করেন তিনি। গত উপজেলা নির্বাচনে বিশ্বনাথ-ওসমানীনগরে বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে লুনা মাঠ চুষে বেড়ান। দিনরাত দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য এলাকার প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়ান। ফলে এ দুটি উপজেলা নির্বাচনে দলীয় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হন। এতে তিনি এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর দলীয় হাই কমান্ডে লুনার গ্রহনযোগ্যতা আরও বেড়ে যায়।



















