সিলেট নগরীতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
- Update Time : ০৩:৪৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন ৫ জন। নগরীর আখলিয়া কালিবাড়ি এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কালিবাড়ি এলাকার আদমশাহ জামে মসজিদের সামনে জেলা যুবলীগ নেতা সুজেল আহমদ তালুকদার এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান আহমদের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান- কালিবাড়ি হাওলাদার পাড়া এলাকায় অবৈধ টিলা কেটে মাটি স্থানান্তর নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। যুবলীগ নেতা সুজেল ও তানভির মিলে কালিবাড়ি এলাকায় একটি টিলা কাটছেন। টিলার মাটি ট্রাকে সড়ানোর ফলে আদমশাহ জামে মসজিদ সংলগ্ন এলাকায় ধুলা-বালি বেড়ে যায়। বৃহস্পতিবার দুপুরে মসজিদের সামনের রাস্তায় পানি দেয়ার জন্য ট্রাকের চালককে বলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরানের অনুসারীরা। এনিয়ে দুপক্ষে বিবাধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে রাত ১২টার দিকে আদমশাহ জামে মসজিদ সংলগ্ন ইমরান আহমদের অফিস এবং শফিক স্টোর নামক একটি দোকানে হামলা চালায় সুজেলের অনুসারীরা। এসময় ইমরানের অফিসে থাকা তার অনুসারীরাও পাল্টা সংঘর্ষে জড়ায়। সেখানে দুপক্ষের মধ্যে ইট-পাটকেল ছুড়াছুড়ি এবং গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঐ এলাকার ভাড়াটিয়া বাসিন্দা সুমন দাসের ছেলে সুজন দাস (১৭) গুলিবিদ্ধ হয়। এছাড়াও ইট-পাটকেল ছুড়াছুড়িতে ৪ জন আহত হয়েছেন।





























