সিলেটে পুলিশের উপর জামায়াতের হামলা, ওসিসহ আহত ২
- Update Time : ০৯:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। এতে কোতোয়ালী থানার ওসিসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের দুইজনকে আটক করেছে। আজ মঙ্গলবার (১৭ মে) বেলা ২টার দিকে নগরীর জেলরোড পয়েন্টে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জোহরের নামাজের পর নগরীর বন্দরবাজারস্থ আবু তুরাব জামে মসজিদ থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। গণকমিশন কর্তৃক ধর্মব্যবসায়ী হিসেবে ১১৬ জন আলেমের তালিকা প্রকাশের প্রতিবাদে এ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশী বাধার সম্মুখীন হয়। এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালান। হামলায় কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে আহত হন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে আটক করে। সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, মিছিল থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। তাদের হামলায় কোতোয়ালী থানার ওসি ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আহত হয়েছেন। পুলিশের উপর আক্রমনের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


























