সিলেটের কোম্পানিগঞ্জ- ভারত সীমান্তের ভোলাগঞ্জ বর্ডার হাটের উদ্বোধন
- Update Time : ০৬:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ভারতের সাথে আরো একটি বর্ডার হাট চালু করা হয়েছে। কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে বাংলাদেশ- ভারতের যৌথ বর্ডার হাটের ক্রয়-বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ মে) সকাল ১০ টায় এই হাটের ক্রয়-বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
হাট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান,সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও ভারত- বাংলাদেশ বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির সদস্যগণ।
ভারতের মেঘালয়ের ইষ্ট খালি হিলস ও কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে অবস্থিত এই বর্ডার হাট প্রতি সপ্তাহে ২ দিন শনিবার ও বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান থাকবে।
এখানে ভারতের ২৬ টি এবং বাংলাদেশের ২৪ টি স্টল থাকবে।হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি করা হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা এ পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন।
ইতিমধ্যে আবেদনকারিদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২৪ জন বিক্রেতা বাছাই করা হয়। পরবর্তীতে অন্যান্য আবেদনকারি বিক্রেতাদেরকে লটারির মাধ্যমে সুযোগ দেওয়া হবে। আবেদনকারি ক্রেতাদের মধ্যে বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিলেয়ের স্বাক্ষরে কার্ড বিতরণ করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা ও সংবাদিকবৃন্দকে ভিজিটর কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে।
একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ ২০০ ডলারের সমমান বাংলা টাকায় পণ্য ক্রয় করতে পারবেন।প্রবেশ ফি বাবদ কার্ডধারী একজন ক্রেতাকে দৈনিক ৩০ও বিক্রেতাকে দৈনিক ৭০ টাকা প্রদান করতে হবে। উক্ত টাকা বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির অনুমোদনক্রমে এই হাটের সংস্কার ও উন্নয়ণমূলক কাজে ব্যয় করা হবে।
বাংলাদেশ-ভারতের বিভিন্ন সীমান্তে বর্তমানে বর্ডার হাট চালু রয়েছে ১২ টি।
আরো ৪ টি বর্ডার হাট চালু করার অপেক্ষায় রয়েোছে।
২০১৮ সালে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যিক প্রসারে সীমান্ত হাট নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।এর ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় বাংলাদেশ এবং ভারতের জিরো পয়েন্ট (ভারতের অভ্যন্তরে) প্রায় ১ একর জমিতে প্রস্তাবিত বর্ডার হাটের কার্যক্রম শুরু করে এর উদ্বোধন করা হয়েছে।



















