সাকিবের ভালোবাসা নিয়ে দিল্লি গেল টাইগাররা
- Update Time : ০৫:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :: কত উৎসাহ-উদ্দীপনা নিয়ে বিমানে ওঠার কথা ছিল! প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফর বলে কথা। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। বিষাদের এক কালো ছায়া আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরেছিল মাহমুদুল্লাহ-মুশফিকদের। এভাবে যে সাকিব আল হাসানকে রেখে বিমানে চড়তে হবে, সেটা তো তাদের কল্পনাতেও ছিল না। দেশের ক্রিকেটের ওপর এত বড় ধাক্কার রেশটাই যে এখনও কাটেনি।
তাই বলে জীবন তো থেমে থাকে না। এ ব্যথা বুকে নিয়েই বুধবার বিকেল ৩টায় দিল্লির পথে উড়াল দেয় বাংলাদেশ দল। তবে এ ব্যথা-যন্ত্রণার ভেতর একটা পণও ছিল। সাকিবের জন্যই ভারতের বিপক্ষে ভালো কিছু করতে চান ক্রিকেটাররা। স্থানীয় সময় বিকেল ৫টায় দিল্লি পৌঁছে বাংলাদেশ দল।
ক্রিকেটাররা যে একটা বিধ্বস্ত মানসিকতা নিয়ে ভারত যাত্রা করছেন, সেটা বাকি সবার মতো বুঝতে পেরেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তাই বুধবার দুপুরে তিনি নিজে গিয়ে তাদের বিমানে উঠিয়ে দিয়ে আসেন। মানসিকভাবে চাঙ্গা করার জন্য বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন বিসিবি বস। ৩ নভেম্বর দিল্লিতে শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। সাকিব ছিটকে যাওয়ার পর গতকাল টি২০ দলের নেতৃত্ব পাওয়া মাহমুদুল্লাহ চেষ্টা করছেন সবার মধ্যে উদ্দীপনাটা ফিরিয়ে আনতে।
তার বিশ্বাস অনুপ্রেরণার ঘাটতি হবে না, ‘যেহেতু দায়িত্ব পেয়েছি, চেষ্টা করব ঠিকঠাক পালন করতে। আমরা যখন মাঠে নামি, তখন সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে দেশের জার্সি। এর চেয়ে বড় অনুপ্রেরণা আর হতে পারে না। ভারত শক্তিশালী দল। তবে দল হিসেবে ভালো খেলে জয়ের চেষ্টা করব। আর অবশ্যই সাকিবকে মিস করব। সে একটা ভুল করেছে, অপরাধ করেনি। আমরা সবাই ওর জন্য ব্যথিত। ওর প্রতি আমাদের সমর্থন থাকবে। তাকে আগের মতোই ভালোবাসব। আর আমাদের কাজ জান দিয়ে দেশের হয়ে খেলা, এটাই চেষ্টা করব।’ মুশফিক, মোসাদ্দেক, মিঠুনদের কণ্ঠেও ছিল সাকিবের প্রতি ভালোবাসা।





























