সাইবার অপরাধ তদন্ত করবে ‘সাইবার পুলিশ সেন্টার’
- Update Time : ০৬:৪৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে ‘সাইবার পুলিশ সেন্টার’ নামে নতুন একটি ইউনিট খোলা হয়েছে । গত বছরের মাঝামাঝি এই ইউনিট গঠনের উদ্যোগ নেয়া হয়।
নতুন এ ইউনিটের জন্য একজন ডিআইজিসহ ৩৪২ পদের অনুমোদন দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অনুমোদনের চিঠি মন্ত্রণালয়ের হিসাব শাখায় বৃহস্পতিবার পাঠানো হয়।
নতুন এ ইউনিট সাইবার অপরাধ তদন্ত এবং তদারক করবে বলে সিআইডি বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, নতুন এ ইউনিট অনুমোদন পাওয়ার আগে সিআইডি নিজস্ব উদ্যাগে সাইবার অপরাধ দেখভাল করতে ‘সাইবার পুলিশ ব্যুরো’ নামে একটি ইউনিট চালাত। এখন ওই ব্যুরোর কার্যক্রম নতুন ইউনিটের সঙ্গে যুক্ত হয়ে যাবে।
সাইবার পুলিশ সেন্টারে অনুমোদিত পদগুলোর মধ্যে একজন ডিআইজি, দুজন অতিরিক্ত ডিআইজি, তিনজন পুলিশ সুপার, ছয়জন অতিরিক্ত পুলিশ সুপার, ১৮ জন সহকারী পুলিশ সুপার, ৪৫ জন পরিদর্শক, ১৪০ জন উপ পরিদর্শক, ৩০ জন সহকারী উপ পরিদর্শক, ৭৬ জন কনস্টেবলসহ সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার পদ রয়েছে।
মোট ৩৪২টি পদের মধ্যে ৩০টি ক্যাডার পদ স্থায়ীভাবে, বাকি ৩১২টি পদ অস্থায়ী। জনবলের পাশাপাশি ৪৯টি গাড়িও দেয়া হচ্ছে নতুন ইউনিটকে।
বর্তমানে সিআইডিতে যে জনবল আছে সেটা দিয়ে প্রাথমিকভাবে নতুন ইউনিট তাদের কাজ শুরু করবে বলে জানা গেছে।






















