সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে- পরিকল্পনমন্ত্রী এমএ মান্নান
- Update Time : ০৩:১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: তিন বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের ব্যাপারে বাংলাদেশ আশাবাদী বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, তথ্য প্রমাণ আছে, আশাও আছে উচ্চ, এক্সপার্টরা বলেছেন, এখানে মামলা জেতার মত সম্ভাবনা খুব বেশি। জনগণের টাকা আদায়ে সরকার যদি মামলা না করতো, তাহলে জনগণের এই অর্থ নিয়ে সরকারকে প্রশ্নের সম্মুখীন হতে হত। সুতরাং মামলার আশা আছে, কেসটাও ভালো, মেটারিয়ালও ভালো, আশা করছি ভালো পুরস্কার পাবো। তিনি আরো বলেন, মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে সমন্বয় সভা করবো, প্রতি বিভাগে যাব, প্রয়োজনে জেলায় যাবো। এখন গতি যেখানে আছে ভালো গতি আছে, আমরা চাই গতি আরেকটু বাড়িয়ে দিতে। অর্থ মন্ত্রণালয় আছে, টাকা ছাড়ের বিষয়ে সমন্বয় করা হবে। টেবিলে কোন ফাইল আটকে থাকবে না। দিনেরটা দিনেই ক্লিয়ার করে দিব। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। মন্ত্রী সুনামগঞ্জে বদলির আদেশ হওয়া তিন দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার ব্যাপারে বলেন, এরা কোথায় দুর্নীতি করবে না তার নিশ্চয়তা নাই। মসজিদে জুতা চুরি হয় শুনেছি, দুর্নীতি হবে না বলা মুশকিল, তবে আমরা চেষ্টা করছি দুর্নীতি কমিয়ে রাখার। যারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তারা তলোয়ারের নিচে গেলেও দুর্নীতি করে। সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দুর্নীতি রোধ করা মুখের কথা নয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানসহ আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























