সংসদ নির্বাচন: সিলেটে ভোট বেড়েছে দুই লাখ ৮৫ হাজার
- Update Time : ০২:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, যেখানে ভোটের দিন রাখা হয়েছে ২৩ ডিসেম্বর। নির্বাচনের তফসিল ঘোষণার আগে ইসি ভোটার তালিকা হালনাগাদ করেছে। হালনাগাদকৃত খসড়া তথ্য অনুসারে, সিলেটের ছয়টি আসনে এবার ভোটার বেড়েছে দুই লাখ ৮৫ হাজার ৭৮১ জন।
সিলেট জেলা নির্বাচন কার্যালয় থেকে হালনাগাদকৃত ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কমিশন চূড়ান্ত ভোটার তালিকা গেজেট আকারে প্রকাশ করবে।
সিলেট জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুসারে, দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ভোটার ছিল ১৯ লাখ ৬৬ হাজার ৫১৩ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৪ হাজার ৫৯০ জন এবং নারী ভোটার ছিলেন ৯ লাখ ৭১ হাজার ৯২৩ জন।
এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২২ লাখ ৫২ হাজার ২৯৪ জন। তন্মধ্যে ১১ লাখ ৫১ হাজার ৬৪৪ জন পুরুষ ভোটার এবং ১১ লাখ ৬৫০ জন নারী ভোটার রয়েছেন। অর্থাৎ, ভোটার বেড়েছে দুই লাখ ৮৫ হাজার ৭৮১ জন।
গেল জাতীয় নির্বাচনের চেয়ে এবার পুরুষ ভোটার বেড়েছে এক লাখ ৮ হাজার ৭১ জন এবং নারী ভোটার বেড়েছে এক লাখ ৩০ হাজার ২৫৫ জন।
এ প্রসঙ্গে সিলেটের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার খোরশেদ আলম বলেন, ‘পাঁচ বছরের ব্যবধানে ভোটার বেড়েছে। চলতি বছর হালানাগাদ করা হয়েছে ভোটার তালিকা।’
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, হালনাগাদকৃত তালিকায় সিলেট-১ (সিলেট নগর-সদর) আসনে মোট ভোটার ৫ লাখ ৪২ হাজার ৯৩৬ জন, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ভোটার ২ লাখ ৮৬ হাজার ৪০৩ জন, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে ৩ লাখ ২৩ হাজার ৩৯৬ জন, সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে ৩ লাখ ৮২ হাজার ৪১২ জন, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ৩ লাখ ২৪ হাজার ২৫০ জন এবং সিলেট -৬ (বিয়ানীবাজার গোলাপগঞ্জ) আসনে ৩ লাখ ৯২ হাজার ৮৯৭ জন ভোটার রয়েছেন।



















