শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সিলেট চেম্বার ২০টি বাস রাস্তায় নামাচ্ছে
- Update Time : ০২:৩৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ২০টি বাস দেবে ‘সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।’ বৃহস্পতিবার সন্ধ্যায় (২৪ অক্টোবর) চেম্বার ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব।
তিনি বলেন, শাবির ভর্তি পরীক্ষা সিলেটবাসীর জন্য একটি উৎসবের মতো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকেরা আমাদের অতিথি তাদের কোন ধরনের ভোগান্তি হোক তা আমরা চাইনা। বিষয়টি নিয়ে আমি সিলেট চেম্বারের পরিচালকবৃন্দের সাথে কথা বললে সকলেই এই উদ্যোগের প্রতি সমর্থন জানান।
চেম্বার সভাপতি আরো বলেন, এই ২০টি বাস পরীক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে। প্রতিটি বাসে একজন গাইড থাকবেন। এতে করে কিছুটা হলেও অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি কমবে।
বরাদ্দ দেয়া বাসগুলোর মধ্যে ৫টি থাকবে বাস কদমতলী বাস টার্মিনাল ৫টি রেলওয়ে স্টেশন,৪টি বাস রিকাবীবাজার পয়েন্ট, ১টি জেলরোড পয়েন্ট, ১টি আম্বরখানা পয়েন্ট, ১টি সোবহানীঘাট পয়েন্ট, ১টি চৌহাট্রা পয়েন্টে, ২ টি কিন ব্রিজের সম্মুখে থাকবে। বাসগুলো পরীক্ষার বিভিন্ন কেন্দ্র ঘুরে বিশ্ববিদ্যালয়ে থামবে। তবে সকালে এ সেবা থাকলেও বিকেলে জনস্রোত ও ট্রাফিক সামলাতে এ সেবা বন্ধ রাখার অনুরোধ করেছে পুলিশ। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থান ও পয়েন্টে পরীক্ষা নির্দেশিত সম্বলিত ব্যানার ও সিলেট চেম্বারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করা হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মোঃ এমদাদ হোসেন, মুশফিক জায়গীরদার, খন্দকার ইসরার আহমদ রকী, ফখর উস সালেহীন নাহিয়ান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, চ্যানেল এস’র প্রতিনিধি আব্দুল মালিক জাকা এবং বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিবৃন্দ।





























