শান্তিগঞ্জে বিএনপি-জামায়াতের অর্ধ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা: আটক- ৬
- Update Time : ০২:৩৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ’র পাগলা বাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, আত্মঘাতী কার্যে লিপ্ত ও সরকার পতনের আন্দোলের অভিযোগে বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে থানা পুলিশ।
রবিবার(২৮ অক্টোবর) রাতে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বাদী হয়ে শান্তিগঞ্জ থানা এলাকার বিএনপি-জামায়াতের ৪৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খালেদ চৌধুরী। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রবিবার(২৮ অক্টোবর) সকাল থেকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের পাগলা বাজার এলাকায় বিএনপি-জামায়াতের ৮০/৯০ নেতাকর্মীরা কাঠের লাঠি, লোহার রড ও রাস্তায় গাছের টুকরা ফেলে মহা সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা ও নাশকতায় শুরু করে। তখন থানা পুলিশ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া দিলে সকল নেতাকর্মী পালিয়ে যায় এবং থানা পুলিশ ৬ নেতাকর্মীকে আটক করেন। আটকৃতরা হলো শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ও সিচনী গ্রামের বাসিন্দা সোহেল মিয়া (৪৮), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও রায়পুর বড় বাড়ীর বাসিন্দা শাহদাত হোসেন কামরান(৩৩), যুবদলের যুগ্ন আহবায়ক ও হলদারকান্দি গ্রামের বাসিন্দা ওবায়দুল করিম মাছুম(৩০), ছাত্রদল কর্মী ও হরিনগর গ্রামের বাসিন্দা আবু তাহের ইমন(২২), ছাত্রদল কর্মী ও হলদারকান্দি গ্রামের বাসিন্দা জাহেদ আলম(১৯), উপজেলা বিএনপির কর্মী ও শত্রুমর্দন গ্রামের বাসিন্দা আলা উদ্দিন(৪৮)। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নাশকতা করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। ঐ মামলায় গ্রেপ্তার ছয় জনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।



















