মাহে রামাজান উপলক্ষে লন্ডন মহানগর জমিয়তের আলোচনা সভা সম্পন্ন
- Update Time : ০৮:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লন্ডন মহানগর শাখার উদ্যোগে মাহে রামাজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও কার্যনির্বাহী কমিটির বৈঠক রোববার (৩মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনের স্থানীয় ফোর্ড স্কয়ার মসজিদের হলরুমে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লন্ডন মহানগর শাখার উদ্যোগে মাহে রামাজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও কার্যনির্বাহী কমিটির বৈঠক শাখার সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা জসীম উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাওলানা কামাল উদ্দীন।
মাহে রামাজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইউরোপ জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা হাফিজ শামছুল হক্ব, ইউরোপ জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ আশরাফ আলী, ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা মামনুন মুহিউদ্দীন।
বক্তারা বলেন মাহে রমজান ক্বুরআনের মাস। এই মাসে ক্বুরআনের তিলাওয়াত হবে স্বাভাবিক থেকে অনেক অনেক বেশী। মাহে রামাজান গুনাহ থেকে মুক্ত থাকার মাস। তাওবাহ করে গোনাহের কাজ আজীবনের জন্য না করার মাস। মুআ’ফ এর অন্তর্ভুক্তির মাস। বেশী বেশী ইবাদত করার মাস।
অধিক পরিমাণ নফল সুন্নাহ আদায় করার মাস। তাই ইবাদতের প্রতি উৎসাহ দিতে ও তারাবিহ বিশ রাকাত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার গুরুত্ব সকলকে জানান দিতে ইমাম খতীব সাহেবদের প্রতি বিশেষ অনুরোধ করেন।
মাহে রামাজানের আলোচনা শেষে কার্যনির্বাহী কমিটির বৈঠক শুরু হয়।এতে নেতাকর্মীরা বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন এবং আলোচনা পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সহ সভাপতি মুফতি আজিম উদ্দিন, মাওলানা আব্দুল আওয়াল, হাফিজ মাওলানা মখলিছুর রহমান, হাফিজ মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা রশীদ আহমদ নোমান, সহসাধারণ সম্পাদক মুফতি বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, অর্থ সম্পাদক হাজী শায়েস্তা মিয়া, হাফিজ ছালেহ আহমদ, মাওলানা শেখ সাদী, হাজী শামীম আহমদ, হাজী যুবায়ের আহমদ প্রমুখ।



























