মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি আজহারের খালাস চেয়ে রিভিউ আবেদন
- Update Time : ০৪:৩৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস চেয়ে সর্বোচ্চ আদালতে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন দাখিল করেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ঠ শাখায় আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ আবেদন দাখিল করেন। তিনি বলেন, ২৩ পৃষ্ঠার রিভিউ আবেদনে ফাঁসির দণ্ড থেকে খালাস পেতে ১৪টি যুক্তি দেখানো হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে কার্যতালিকায় আসার পর শুনানি হবে। গত বছর ৩১ অক্টোবর আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ রায় দেন। এরপর গত ২৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। রায় প্রকাশের পর যুদ্ধাপরাধের মামলার আসামিরা রিভিউ করার জন্য ১৫ দিন সময় পেয়ে থাকেন। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে আদালত বন্ধ থাকায় এতদিন রিভিউ দাখিল করতে পারেননি ফাঁসির দণ্ডা্দেশপ্রাপ্ত আসামি এটিএম আজহার।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রংপুরের আল বদর কমান্ডার এটিএম আজহারকে ফাঁসির আদেশ দেন। অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে বিভিন্ন মেয়াদে তাকে কারাদন্ড দেওয়া হয় । পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আজহার।





























