মাদ্রাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে প্রজন্ম ফোরাম গঠন
- Update Time : ০৩:৩৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: মাদ্রাসায় ও আলেমদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গঠিত হয়েছে ‘আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম’। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) খিলগাঁওয়ে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদের ছেলে মাওলানা সদরুদ্দীন মাকনুনকে সভাপতি এবং সৈয়দ আবদুল্লাহর ছেলে আনোয়ার আবদুল্লাহকে সাধারণ সম্পাদক করে এই ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের কমিটি ঘোষণা করেন মাওলানা ইয়াহইয়া মাহমুদ। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকে বিশেষত মাদ্রাসাপড়ুয়া ছাত্রদের কাছে তুলে ধরার জন্য আরও আগে থেকে কাজ করা দরকার ছিল। এজন্য এ কমিটিকে জোরালো পদক্ষেপ নিতে হবে।’
কমিটির অন্য সদস্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট মাওলানা সরোয়ার আলম ভুইঞা, মাওলানা উসামা ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল নিজামুদ্দীন মিসবাহ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম মোল্লা, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক শোয়াইব আহমদ প্রমুখ।



















