মাত্র ৮১ রানে থেমে গেল ভারত
- Update Time : ০২:১৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :: ভারতের তৃতীয়-চতুর্থ দলও বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে, কয়েকদিন আগে এমনটাই বলেছিলেন দলটির অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতের ‘বি’ দল শ্রীলংকায় ম্যাচ জয়ের পর এমন দাম্ভিক বক্তব্য দিয়েছিলেন পান্ডিয়া। আর সেই ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে একশো তো দূরের কথা ৯০ রানও করতে পারল না। শ্রীলংকার বোলাদের তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৮১ রানেই থেমে গেছে ভারতের ইনিংস। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে কলম্বোয় স্বাগতিকদের মুখোমুখি হয় ভারত। আগে ব্যাট করতে নেমে ৬৩ রানেই ৮ উইকেট হারায় তারা। আশঙ্কা করা হচ্ছিল নিজেদের সর্বনিম্ন ৭৪ রানের স্কোরের রেকর্ডটা এবার ভেঙে ফেলে কি না। তা হতে দেননি কুলদীপ যাদব। তার ২৮ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে সেই লজ্জার রেকর্ড এড়িয়ে ৮১ রানে থামে টিম ইন্ডিয়া। তবে টি-টোয়েন্টিতে এটি এখন ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। ভারতের হয়ে দুই অঙ্কে পৌঁছুতে পেরেছেন মাত্র তিনজন। ওপেনার ঋতুরাজ, ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব। দলের সর্বোচ্চ জুটিট হয়েছে ষষ্ঠ উইকেটে ১৯ রানের। ভারতের ব্যাটসম্যানদের এমন ধ্বংসস্তুপে পরিণত করার জন্য দায়ী লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে ৪ উইকেট নিয়েছেন মাত্র ৯ রান দিয়ে। এমন রেকর্ড ভারতের বিপক্ষে এর আগে কখনোই কোনো লঙ্কান বোলারের নেই। ২০ রানে ২টি উইকেট নিয়েছেন অধিনায়ক দাসুন শানাকা। একটি করে নিয়েছেন দুষ্মন্ত চামিরা ও রমেশ মেন্ডিস। এ ছাড়া ৪ ওভারে মাত্র ১১ রান দিয়েছেন আকিলা দনাঞ্জয়া।





























