জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপির সহধর্মিণী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মহিলা আ.লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা আক্তার।
এদিকে জানা গেছে, রিক্তা শিক্ষা জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি তাকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে নেয়া হয়েছে।
রেলপথমন্ত্রীর ঘনিষ্ঠ ও তার নির্বাচনী এলাকা সূত্রে জানা যায়, রেলপথমন্ত্রীর রাজনৈতিক দক্ষতায় অনুপ্রাণিত হয়ে এবং তার নির্বাচনী এলাকার জনগণের আশীর্বাদ নিয়েই হনুফা আক্তার রিক্তা কেন্দ্রীয় রাজনীতিতে যোগ দিয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করেন হনুফা আক্তার রিক্তা।
অপরদিকে অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। চৌদ্দগ্রামের নেতাকর্মীরা জানান, আমাদের প্রিয় নেতা রেলমন্ত্রী মুজিবুল হকের মতো রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করবেন রিক্তা এমনটাই তার কাছে প্রত্যাশা করি।





























