মসজিদে ঢুকে নামাজরত ছোট ভাইকে খুন করলেন বড় ভাই
- Update Time : ০৫:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে এশার নামাজ আদায়কালে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের পূর্ব চরগাঁও গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মজিবুর রহমান (৬৫), পূর্ব চরগাঁও গ্রামের বাসিন্দা এবং কামরু মুন্সির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই লুৎফুর রহমান (৭৫)–কে আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লুৎফুর রহমান ও মজিবুর রহমান আপন দুই ভাই। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে বাড়ির পাশের রাস্তা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাতে এশার নামাজ চালাকালানী পূর্ব চরগাঁও জামে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুরকে বাঁশের মোটা গোড়া (মুগুর) দিয়ে উপর্যুপরি আঘাত করেন বড় ভাই লুৎফুর। স্থানীয় মুসল্লিরা গুরুতর আহত মজিবুরকে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “জমি সংক্রান্ত পুরনো বিরোধ থেকেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। এশার নামাজের সময় মসজিদের ভেতরেই ছোট ভাইকে আঘাত করেন বড় ভাই। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।





























