মসজিদের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন
- Update Time : ০৩:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরের বাজার জামে মসজিদের জায়গা দখল ও মসজিদ কমিটির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ওরফে শফিক চৌধুরীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় বাজার জামে মসজিদ সংলগ্ন সড়কে ওই মসজিদ কমিটি ও সর্বস্তরের মুসুল্লি সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অভিযোগ করা হয়, উপজেলার সদরের নতুনপাড়ার বাসিন্দা ও সাবেক সেনা সদস্য আবু তালেব মসজিদের জায়গা দখল করেছে। এছাড়াও আবু তালেব মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে ঘর নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে সুনামগঞ্জ সহকারী জজ আদালতে মামলা করেছেন। মানববন্ধনে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মো. ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য জুবায়ের পাশা হিমুর পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাঈন উদ্দিন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইমাম মাওলানা বজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, মুজিবুর রহমান মজুমদার, আব্দুল হক প্রমুখ। অভিযুক্ত আবু তালেব বলেন, ‘আমি মসজিদের জায়গা দখল করিনি আর মসজিদের সাথে আমার কোনো ঝামেলা নাই। বিষয়টি ব্যক্তি কেন্দ্রীক। উনি (শফিক) এই জায়গাটি কিনতে চেয়িছিলেন। তা করতে না পেরে প্রতিহিংসা পরায়ণ হয়ে তার ব্যবসায়ী স্বার্থে নদী থেকে মালামাল আনা নেওয়ার জন্য এমনটি করছেন।’





























