মন্ত্রীকে মঞ্চে রেখে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
- Update Time : ০৮:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রতিমন্ত্রীকে মঞ্চে রেখে মারামারি করেছে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা। ছাত্রলীগের সম্মেলনে উভয় গ্রুপের নেতাকর্মীরা চেয়ার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে এ ঘটনা ঘটে। সম্মেলনের অনুষ্ঠান মঞ্চে এসময় অতিথির আসনে বসা ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এক ভিডিওতে দেখা গেছে, শুক্রবার বিকেলে রানীগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। মঞ্চে তখন প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম আকবর হোসেইন জিতু, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন। সম্মেলন চলাকালে বিকেল সাড়ে ৫টার দিকে মঞ্চের একপাশে হঠাৎ করে ছাত্রলীগের দুইটি গ্রপের মধ্যে মারামারি শুরু হয়। একপক্ষ অন্যপক্ষকে চেয়ার ছুঁড়ে মারতে থাকে। এ সময় অনুষ্ঠানস্থলে অবস্থানরত নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করেন। পরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন গণমাধ্যমকে বলেন, সম্মেলন অনুষ্ঠানে যারা মারামারিতে লিপ্ত হয়েছেন তাদেরকে শনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।



























