বড়লেখায় চাচাতো ভাইয়ের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
- Update Time : ০৯:২৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় চাচাতো ভাইয়ের হামলায় আহত আব্দুল হাছিব (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুল হাছিব উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চোয়ারকান্দি গ্রামের মৃত জাহির উদ্দিনের ছেলে। এদিকে, আব্দুল হাছিবের মৃত্যুর খবর পেয়ে পরিবারসহ গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত জব্বার মিয়া। খবর পেয়ে শুক্রবার বিকেলে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চোয়ারকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল হাছিবের স্ত্রীর কাছ থেকে চাচাতো ভাই জব্বার মিয়ার স্ত্রী রুবি বেগম সম্প্রতি চা-পাতা ধার নেন। গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে আব্দুল হাছিবের মেয়ে ফাতিমা বেগম চাচি রুবি বেগমের কাছে পাওনা চা-পাতা চাইতে গেলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় আব্দুল হাছিবের সঙ্গে চাচাতো ভাই জব্বার মিয়ারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জব্বার মিয়া কাঠের টুকরো দিয়ে হাছিবের মাথায় সজোরে আঘাত করেন। এতে হাছিবের নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা হাছিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করেন। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।




























