বিশ্বনাথে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের ভালবাসায় সিক্ত হলেন শিক্ষক মকবুল হোসেন
- Update Time : ০২:০০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সাবেক-বর্তমান শিক্ষার্থীদের ভালবাসায় সিক্ত হলেন সিলেটের বিশ্বনাথ পৌর শহরের ‘জনকল্যাণ উচ্চ বিদ্যালয়’র অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মকবুল হোসেন। ১৯৮৯ সালে বিদ্যালয় প্রতিষ্টার পর ০৬.০১.১৯৯০ সালে যোগদান করা পর থেকে শিক্ষকতা শুরু করে তিনি দীর্ঘ প্রায় ৩৫ বছর শিক্ষকতার পর এই প্রতিষ্ঠান থেকেই চলতি বছরের এপ্রিল মাসে অবসরে যান। তাঁর বিদায় উপলক্ষ্যে শনিবার (২৮ জুন) সকালে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে প্রতিষ্ঠানের মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ছাদখোলা জীপে করে মোটর শোভাযাত্রার মাধ্যমে শিক্ষক মকবুল হোসেনকে উপজেলার সৈয়দপুর সদুরগাঁও গ্রামস্থ তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেন শিক্ষার্থীরা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ডিন, কবি ও লোক সংস্কৃতি গভেষক অধ্যাপক ডক্টর আবুল ফাতেহ ফাত্তাহ। তিনি বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা সুশিক্ষা দিয়ে শিক্ষার্থীদেরকে সুনাগরিক হয়ে উঠতে কাজ করেন। তেমনি করে দীর্ঘপ্রায় ৩৫ বছর শিক্ষকতা করে মকবুল হোসেন নিজের এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। যেকারণে মকবুল হোসেন স্যার নিজের কর্মগুণে মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল। জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুল কাদের ও জামাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের বিদায়ী সিনিয়র সহকারী শিক্ষক মকবুল আলী মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল মুমিন, মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন, ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র চন্দ্র দাস, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ব্যবসায়ী নিশি কান্ত পাল। বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সাবেক ছাত্র খায়রুল ইসলাম রুবেল, মিহির লাল বৈদ্য, আব্দুল মজিদ, আমিনুল ইসলাম, সুজিত কান্ত পাল, দশম শ্রেণীর শিক্ষার্থী তাছলিমা বেগম, আহনাফ খন্দকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন।





























