বিশ্বনাথে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- Update Time : ০৮:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। চলবে আগামী ১৯ জুন পর্যন্ত। এ বছর উপজেলার ১৯৩টি কেন্দ্রে ২৭ হাজার ৬৬১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সের ৩ হাজার ৪৮ শিশুকে ১টি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সের ২৪ হাজার ৬১৩ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইনের প্রথমদিনে (শনিবার) ২ হাজার ৯৮১ শিশুকে লাল ক্যাপসুল ও ৩৫১ শিশুকে নীল ক্যাপসুল খাওয়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা। এরআগে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ। এসময় তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুলের অভাবে আমাদের শিশুদের অনেকে অপুষ্টিতে ভোগে, অন্ধ হয়ে যায় এবং তাদের শারীরিক বৃদ্ধি ঘটে না। তাই সারাদেশে শিশুদের একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। চলবে পক্ষকালব্যাপী। তাই সবাই করোনা স্বাস্থ্যবিধি মেনে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহবান জানান তিনি।




























