বিশ্বনাথে ধানের শীষের মিছিল দিয়ে লাঙ্গলের গণসংযোগে হামলার অভিযোগ
- Update Time : ১২:৩৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের মহাজোট প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার ‘লাঙ্গল’ প্রতীকের সমর্থনে গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ২১ ডিসেম্বর বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মুফতির বাজারে এঘটনাটি ঘটে।
খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টির সমন্বয়কারী রুবেল আহমদ আফজল জানান- ‘লাঙ্গল’ প্রতীকের সমর্থনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার বিকেলে মুফতির বাজারে গণসংযোগ করছিলেন। এসময় খাজাঞ্চী ইউনিয়ন যুবদল নেতা ধন মিয়া ও আছকর আলীর নেতৃত্বে ধানের শীষের শতাধিক সমর্থকেরা মিছিল দিয়ে ‘লাঙ্গল’ প্রতীকের গণসংযোগে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। তবে এতে কেউ আহত হননি।
এদিকে, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ধন মিয়া বড় ভাই বাজারে ব্যবসায়ী আশিক মিয়াকে আটক করে। তবে তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ীবৃন্দ ও সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী সহ জাপা নেতৃবৃন্দের অনুরোধে ব্যবসায়ী আশিক মিয়াকে ছেড়ে দেয় পুলিশ। এরপর বাজারে ‘লাঙ্গল’ প্রতীকের সমর্থনে গণসংযোগ করা হয়। গণসংযোগ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন- খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী কাউকে পায়নি। এব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





























