বিধবার বাড়িতে ঢুকে দা দিয়ে কুপিয়ে জখম, থানায় মামলা
- Update Time : ০৪:০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোট :: এক বিধবার বাড়িতে ঢুকে টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হামলা চালিয়ে তাকে দা’ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামে এই ঘটনা ঘটে। আহত বিধবার নাম রাহেনা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আবুল কালাম আজাদের স্ত্রী। রোববার (১৯ অক্টোবর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে থানায় এসে তিনি মামলা দায়ের করেন। মামলা নং ১৬, তারিখ ১৯/১০/২০২৫। মামলার এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের চাচাতো ভাই নুরুজ আলীর ছেলে সাহেদ আলী (৩৫) দীর্ঘদিন ধরে রাহেনা বেগম ও তার পরিবারকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করে আসছেন। ঘটনার দিন সন্ধ্যায় রাহেনা বেগম তার বসতঘরের রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় সাহেদ আলী হাতে ধারালো দা নিয়ে ঘরে প্রবেশ করে মূল দরজার সিটকিনি বন্ধ করে দেন। এরপর দা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে টাকা-পয়সা দাবি করেন। বাদীর অভিযোগ, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাহেদ আলী অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এসময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২-৩ জন ঘরের পানির মোটর চালু করে দেয়, যাতে বাইরে থেকে কোনো শব্দ শোনা না যায়। এরপর সাহেদ আলী হত্যার উদ্দেশ্যে দা দিয়ে তার মাথার ডান পাশে কুপিয়ে গুরুতর জখম করেন। রাহেনা বেগম বাম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে তার হাতের বৃদ্ধাঙ্গুল ও শাহাদাত আঙ্গুলে গভীর রক্তাক্ত জখম হয়। রাহেনা বেগমের চিৎকারে তার মেয়ে সুমা আক্তার (২২) বাইরে থেকে ডাকাডাকি করলেও দরজা বন্ধ থাকায় ঘরে প্রবেশ করতে পারেননি। এ সময় হামলাকারীরা পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় রাহেনা বেগম দরজা খুলে বাইরে বের হয়ে মেয়ের কাছে আশ্রয় নেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে অভিযুক্ত সাহেদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


























