বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা করতে পুলিশের মৌখিক অনুমতি
- Update Time : ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আগামী ১লা সেপ্টেম্বর দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নয়াপল্টনে জনসভা করতে পুলিশের মৌখিক অনুমতি
পেয়েছে বিএনপি। গতকাল বিকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা জানান। তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে আলাপ করেছেন। কথাবার্তার পর পুলিশ কমিশনার ১লা সেপ্টেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার মৌখিক অনুমতি দিয়েছেন। সে অনুযায়ী ওইদিন বেলা ২টায় জনসভা শুরু হবে। রিজভী বলেন, পুলিশের অনুমতির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিকাল ৩টা থেকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। কোনো শর্ত ছিল কি না, জানতে চাইলে তারা বলেন, কিছু শর্ত তো থাকবেই। তবে আমাদের ডিএমপি কমিশনার বলেছেন, আপনারা সমাবেশ করতে পারবেন ১লা সেপ্টেম্বর। উল্লেখ্য, মঙ্গলবার নয়াপল্টনের কার্যালয়ে দলের অঙ্গসংগঠনের যৌথসভায় প্রতিষ্ঠাবার্ষিকীর দুইদিনের কর্মসূচি চূড়ান্ত করা হয়। ওইদিন ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে কর্মসূচির সূচনা হবে। পরদিন বিকাল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে রাখা হয়েছে আলোচনা সভা।



















