বাবার চিকিৎসার ৫ লাখ টাকা নিয়ে মেয়ে উধাও: মেয়েকে ধরিয়ে দিতে পত্রিকায় বিজ্ঞাপন দিলেন বাবা!
- Update Time : ০২:৩০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মেয়েকে ধরিয়ে দিতে একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন আবদুল মান্নান নামের এক বাবা। গতকাল শুক্রবার মেয়ের ছবিসহ পুরস্কার ঘোষণা করে ওই বিজ্ঞাপন দেন তিনি। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঘেচুয়া গ্রামে।
বুধবার আবদুল মান্নান তার মেয়ের বিরুদ্ধে সখীপুর থানায় প্রতারণার অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ৬০ বছর বয়সী মান্নান পেশায় ঘোড়ার গাড়ির চালক। তিনি বছরখানেক ধরে নানা রোগে ভোগায় গাড়ি চালাতে পারছেন না। সম্প্রতি তিনি নিজের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকায় বাড়ি বিক্রি করেন। পরিবারে তার চার মেয়ে ও এক ছেলে। তার একমাত্র ছেলে বিয়ে করে আলাদা সংসার করছেন। চার মেয়েকেও বিয়ে দিয়েছেন।
থানায় অভিযোগ করার পর গতকাল শুক্রবার একটি জাতীয় দৈনিকে মেয়ের ছবিসহ ‘ধরিয়ে দিন, উপযুক্ত পুরস্কার দেয়া হবে’ শিরোনামে একটি বিজ্ঞাপন প্রকাশ করেন আবদুল মান্নান।
এ বিষয়ে সখীপুর থানার এসআই আসাদুজ্জামান বলেন, ‘পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের বিষয়টি আমার জানা নেই। তবে গত বুধবার মেয়েকে আসামি করে বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের তদন্ত চলছে। তথ্য প্রযুক্তির সহায়তায় মেয়েটিকে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’





























