বানিয়াচংয়ে বোরো ধান কাটার উদ্বোধন
- Update Time : ১২:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নূরুজ্জামান ফারুকী :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের হাওরে বোরো ধান কাটা উৎসব ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুবিদপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বানিয়াচং উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ধান কাটা উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি হবিগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার ফারুক আমীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ সারওয়ার প্রমুখ। ধান কাটা উৎসবের পুর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, এবার হবিগঞ্জের হাওরে বোরো ধানের ভালো ফলন হয়েছে। তাই আগামী কয়েকদিন আবহাওয়া খারাপ থাকার পুর্বাভাস থাকায় কৃষকদের ৭০/৮০ ভাগ ধান পাকলেই কাটার পরামর্শ দেন তিনি। জেলা প্রশাসক বলেন, হাওর অঞ্চলের বাঁধ নিয়ে উপজেলা প্রশাসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত জনপ্রতিনিধিদের সাথে সম্বনয় রাখা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বাঁধে ফাটল দেখা দিলে তা মেরামত করা হয়েছে।

























