বর্জন নয় সকল রাজনৈতিক দলকে নির্বাচনে এগিয়ে আসার আহবাণ জানালেন পরিকল্পনামন্ত্রী
- Update Time : ০১:৩২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :: পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নান এমপি বলেছেন, বর্জন নয় সকল রাজনৈতিক দলকে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে অবাধ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানিয়েছেন। তিনি বলেছেন, ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নির্বাচন কমিশন আইন ও বিধি বিধানকে মেনে দেশের স্বার্থে সকল রাজনৈতিক দলকেই নির্বাচনমুখী হতে হবে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম.এ মান্নান একথা বলেন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পুলিশ সুপার মো.এহসান শাহ, জেলা পরিষদের সাবেক প্রশাসক নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনাসিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আল-হেলাল, সেলিম আহমদ, সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান পীর,শাহজাহান চৌধুরী, মাছুম হেলাল ও শামস শামীমসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন রিপোর্টার্স ইউনিটির সদস্য মুহাম্মদ আমিনুল হক। গীতা পাঠ করেন কর্ণবাবু দাস। পরে সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি।
নির্বাচন প্রসঙ্গে এম এ মান্নান বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি না ? এটা তাদের ব্যাপার। এটা আমরা বলতে পারবও না। তবে আমরা চাই সবাই নির্বাচনে আসুক। আমাদের অনেক রাজনীতিবিদ তারা প্রতিদিন এ নিয়ে অনেক কথা বলছেন আপনারা নিশ্চয়ই শুনছেন। বিএনপি যদি দেশের সংবিধান মেনে থাকে দেশের আইনে মানে তাহলে তাদের অবশ্যই নির্বাচনে আসা উচিত। নির্বাচন চর্চার বিষয়। মারামারি হানাহাানি করার ব্যাপার নয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই জাতি আশা করে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আরও বলেন, দ্রব্য মূল্য ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে আরও আসবে। আমরা সব সময় চেষ্টা করি মানুষ যাতে স্বস্তির মধ্যে থাকে। বিশ্বব্যাপি সংকট চলছে। এ জন্য আমাদেরকে আরও সাশ্রয়ী হতে হবে।



























