বন্যা ও করোনায় বিপর্যস্ত সুনামগঞ্জ বাসীর পাশে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
- Update Time : ০২:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সুনামগঞ্জ। করোনাভাইরাসে পুরো জেলাকে কাবু করে ফেলেছে গত মার্চ মাস থেকে। ওই বিপর্যয়ের মধ্যে নেমে এসেছে বন্যার দুর্যোগ। ২৮ জুন পর্যন্ত এই জেলার প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। করোনার সাথে বন্যার দুর্গতি মানুষকে বড় অসহায় করে তুলেছে। বন্যা আর করোনার ছোবলে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। দুর্যোগ মোকাবেলায় তিনি সব ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন। সাহস দিচ্ছেন সকলকে। এটা আল্লাহ্র পরীক্ষা। তিনিই দুর্যোগ থেকে রক্ষা করবেন।
করোনা প্রার্দুভাব ছড়িয়ে পড়ার পর পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জের মানুষের পাশে দাঁড়ান। দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্যে। প্রশাসনকে দিক নির্দেশনা দেন করোনা পরিস্থিতি মোকাবেলায় করনীয় সম্পর্কে। কয়েক দফা এলাকায় এসে তিনি খোঁজ নিয়েছেন সাধারণ মানুষের। জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের কাছে ছুটে গেছেন। তৃণমূল থেকে খোঁজ খবর নিয়েছেন পরিস্থিতির। এখন শুরু হয়েছে বন্যার। পুরো সুনামগঞ্জ জেলার মানুষ কাবু হয়ে পড়েছেন বন্যায়।
এই অবস্থায় তিনি জানিয়েছেন, ভেঙ্গে পড়লে চলবে না। আল্লাহর কাছে চাইতে হবে। তিনিই রক্ষা করার একমাত্র মালিক। সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা আছেন অসহায় মানুষের পাশে। মন্ত্রী মান্নান সুনামগঞ্জের সার্বিক চিত্র জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ব্যাক্তিগত সহকারী ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হাসনাত হোসেন জানাচ্ছিলেন মন্ত্রীর সার্বিক কর্মততপরতা নিয়ে। তিনি জানান, করোনা পরিস্থিতি সামাল দেয়ার জন্যে মন্ত্রী এমএ মান্নান গত ৩ মাস ধরে কর্মব্যস্ত রয়েছেন। দলীয় নেতাকর্মীসহ প্রশাসনকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে শুরু হয়েছে বন্যা। বন্যা শুরু হতেই মন্ত্রী এমএ মান্নান বন্যা ও করোনা সামাল দেয়ার জন্যে গত দুইদিন ধরে নির্ঘুমভাবে খোঁজ নিচ্ছেন সুনামগঞ্জ জেলার পানিবান্দি মানুষের।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান তৃণমুলের সাথে যোগাযোগের মাধ্যমে সার্বিক পরিস্থিতি জেনে নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে নির্দেশনা দিচ্ছেন দলীয় নেতাকর্মীদের। নির্দেশনায় বলে দিচ্ছেন, নিজ নিজ এলাকার দুর্গত মানুষের অবস্থা জেনে তা প্রশাসনকে জানানোর জন্যে। সেই সঙ্গে সাধ্য অনুয়াযী বিপর্যস্ত মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
হাসনাত হোসেন জানান, মন্ত্রী সার্বক্ষণিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। দুর্গত ও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সব ধরণের পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন।
হাসনাত হোসেন জানান, পানিবন্দি মানুষের জন্যে মন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে ১৭৩ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আরো যতটি আশ্রয় কেন্দ্র খোলার দরকার তা খোলার জন্যে বলে দিয়েছেন প্রশাসনকে। প্রশাসন ইতোমধ্যে কন্ট্রোল রুম খুলে পরিস্থিতি সামাল দেয়ার জন্যে কার্যক্রম শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুনামগঞ্জের সার্বিক চিত্র তুলে ধরেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।





























