বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি তকমায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন আল হেলাল
- Update Time : ০১:১৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: “সুনামগঞ্জে জুলাই যোদ্ধার চেক পেলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি” শীর্ষক বিভিন্ন অনলাইন ওয়েবপোর্টালে ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জের জুলাই আন্দোলনে আহত সাংবাদিক বাউল আল হেলাল। প্রেরিত প্রতিবাদ লিপিতে তিনি বলেন, ২০২৪ সালের ৪ঠা আগস্ট সুনামগঞ্জের রাজপথ যখন উত্তপ্ত ছিল তখন একজন পেশাদার সাংবাদিক হিসেবে রাজপথে কর্মরত থাকাবস্থায় সুনামগঞ্জের আদালত প্রাঙ্গনের সামনে সরকারী রাস্তায় আমি কাঁদানে গ্যাসে চোখে মুখে আক্রান্ত হই এবং আমার ডান হাতে লাঠিচার্জে আহত হই। আমি যথারীতি চিকিৎসা গ্রহনের পর তালিকাভূক্তির জন্য চিকিৎসকের ব্যবস্তাপত্রসহ আবেদন করলে কর্তৃপক্ষ একাধিকবার যাচাই বাছাই শেষে আমার নাম তালিকাভূক্ত করেন। জেলা প্রশাসন ও জুলাই যোদ্ধাদের সংগঠণ ওয়ারিওর্স অব জুলাই এর পক্ষ থেকে আমাকে কল করে শিল্পকলায় চেক গ্রহনের জন্য অনুরোধ করা হলে আমি যথারীতি সেখানে উপস্থিত হই। শনিবার (১০মে) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমিতে চেক বিতরন অনুষ্ঠিত হলে আমি সেখানে বক্তব্য রাখি এবং সরকারের স্বীকৃতিমূলক অনুদান পাই। এতে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রীমহল আমাকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি তকমা দিয়ে আমার নামে বিষোদঘারে লিপ্ত হয়ে সমাজে আমার ভাবমূর্ত্তি বিনষ্টে উঠেপড়ে লেগেছে। আমি সকলের সদয় অবগতির জন্য সবিনয়ে বলতে চাই,আমি বাংলাদেশ বেতারের একজন তালিকাভূক্ত শিল্পী। শিল্পী হিসেবে গান গাইতে গিয়ে আমাকে যখন যেখানে যে গান সিলেক্ট করে দেয়া হয়েছে বা এসাইনমেন্ট দেয়া হয়েছে আমি সেখানে সেই গান গেয়েছি। তার মানে এই নয় যে,আমি আওয়ামী লীগার হয়ে গেছি। জানা যায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলেন শহরের অন্যতম সাংস্কৃতিক সংগঠক ছদ্রতুল মিয়া। কিন্তু জেলা কমিটি গঠন করে কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠালেও তার নেতৃত্বাধীন কমিটি আদৌও অনুমোদন পায়নি। তার মৃত্যুর পর লক্ষ্য করার মত এ কমিটির কোন কার্যক্রম ছিলনা। পরবর্তীতে বাউল শাহজাহানের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হলেও সেই কমিটিও স্বীকৃতি বা অনুমোদন লাভ করেনি। তাই যে কমিটি আদৌ অনুমোদিত হয়নি সেই কমিটির সহ-সভাপতি আমি হওয়ার প্রশ্নই আসেনা। তাছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা কমিটির কোন সভার রেজ্যুলেশনে আমার কোন স্বাক্ষর নেই বা কেউ দেখাতে পারবেননা।
এ ব্যাপারে বাউল শাহজাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা কমিটি যেখান আদৌ অনুমোদিত হয়নি সেখানে আল হেলাল সহ সভাপতি হওয়ার প্রশ্নই আসেনা।
জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী বলেন,জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আল হেলাল একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং তিনি একজন পেশাদার প্রথিতযশা সাংবাদিক ও গীতিকার বাউল শিল্পী। তিনি কোন রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক বলে আমার জানা নেই। জুলাই আন্দোলনে তিনি যে আহত হয়েছেন এর সাক্ষী প্রমাণ হিসেবে আমরা অনেকেই আছি।
দৈনিক জনতা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আফতাব উদ্দিন বলেন, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সুনামগঞ্জ জজকোর্টের সামনে পুলিশের কাঁদানে গ্যাসে ও লাঠিচার্জে সাংবাদিক আল হেলাল আহত হন। এ সময় আমিও একই সাথে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হই এবং পরবর্তীতে চিকিৎসা গ্রহন করি। আহতদের তালিকা প্রণয়নের সময় আমরা সম্পূর্ণ কাগজপত্র সহ আবেদন করে তালিকাভূক্ত হই। এই বিষয়টি নিয়ে কোন বিতর্কের সুযোগ আছে বলে আমি মনে করিনা। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রহমত আলী বলেন, সাংবাদিক আল হেলাল আমাদের সম্মুখেই আন্দোলনে আহত হয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এ গ্রেডের তালিকাভূক্ত জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী বলেন, সাংবাদিক আল হেলাল জুলাই আন্দোলনে আহত হয়েছেন এটা দিবালোকের মত সুস্পষ্ট সত্য। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি আহত হয়েছেন তা আমরা জানি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এনডি উছমান গনী বলেন,সাংবাদিক আল হেলাল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। যাচাই বাছাই শেষে সরকার যে তালিকা প্রণয়ন করেছে সেই তালিকায় কোন ত্রæটি আছে বলে আমার মনে হয়না।



























