ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে- আহত ১০
- Update Time : ০৭:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ফুটবল খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে ফুটবল খেলা নিয়ে মারুগাছ গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও মোস্তাক মিয়ার ছেলের মধ্যে বিরোধ হয়। পরে এ বিরোধ দুই পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস জানান, দুই শিশুর ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মাইকিং করে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




























