প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল
- Update Time : ০৬:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান নিয়ে আগামীকাল বুধবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এ সংবাদ সম্মেলন হবে বলে প্রধামন্ত্রীর প্রেস উইং সূত্র জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে শেষে সোমবার সকাল সাড়ে ৯টায় দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী গত ২১শে সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। গত ২৭শে সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সদরদফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন এবং জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালজুলেইদ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইও-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা সভায়ও যোগদেন।
প্রধানমন্ত্রী রোহিঙ্গা সঙ্কট, সাইবার নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং বৈশ্বিক মাদকদ্রব্য সমস্যা নিয়ে কয়েকটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া তিনি ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত মধ্যাহ্নভোজ ও গোলটেবিল বৈঠকে যোগদেন।।






















