পাওনা টাকা চাইতে গিয়ে অতর্কিত হামলায় আহত ১৫, দোকান ভাংচুর, আটক- ৫
- Update Time : ০২:৪৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: পাওনা টাকা চাইতে গিয়ে রাতের আধাঁরে ঋণদাতা ও তার পক্ষের লোকজনের অতর্কিত সন্ত্রাসী হামলায় ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ১৫ জন আহত হয়েছেন সিলেটের কানাইঘাটে। এদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানাইঘাট থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করেছে। জানা যায়, কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ভাউরভাগ ২য় খন্ড গ্রামের মুজম্মিল আলীর পুত্র এনাম উদ্দিনের ব্যবসায়িক প্রায় সাড়ে ৩ লাখ টাকা একই ইউপির সোনাতন পুঞ্জি গ্রামের মকবুল আলীর পুত্র হারুন রশিদের কাছে পাওনা ছিলো। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় একই ইউপির বাদশা বাজারে এনামুল হক তার পাওনা টাকা হারুন রশিদের কাছে চাইলে হারুন রশিদ টাকা না দিয়ে উল্টো নানা ধরনের গালি-গালাজ ও ভয়ভীতি দেখায়। এতে বাদশা বাজারের ব্যবসায়ীরা বিষয়টি শালিস বিচারে দেখে দেওয়ার জন্য এক বৈঠকে বসেন। এ সময় হারুন রশিদ শালিস বিচার না মেনে মোবাইল ফোনে তার আত্বীয় স্বজনকে খবর দিলে তারা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে শালিস বৈঠক কারীদের উপর হামলা চালায়। এসময় হারুন রশিদ গংদের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নজিব আলী, বাউরভাগ ২য় খন্ড গ্রামের মুজম্মিল আলী, হেলাল আহমদ, বিলাল আহমদ, শামীম আহমদ, জসিম উদ্দিন, রাসেল আহমদ, আসাদ আহমদ, মোহাম্মদ আলী, মারুফ আহমদ। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। এছাড়া আহত নাসির আহমদ, জিল্লুর রহমান, ওলিউর রহমান, এনাম উদ্দিন, কামাল আহমদ ও জামাল উদ্দিনকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাতন পুঞ্জি গ্রামের হারুন রশিদ, মাসুক আহমদ, শফিক আহমদ, ইমরান আহমদ ও আশিক আহমদকে আটক করেছে। এছাড়া উক্ত ঘটনায় বাদশা বাজারের ৪টি দোকান ভাংচুর ও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন। এ ঘটনায় ভাউরভাগ ২য় খন্ড গ্রামের মুজম্মিল আলীর পুত্র এনাম উদ্দিন বাদী হয়ে সোনাতন পুঞ্জি গ্রামের হারুন রশিদ সহ ২৬ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।





























