জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এরই অংশ হিসেবে নয়াপল্টনে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। এই আয়োজনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈশাখের বর্ণীল আয়োজনে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে প্রতিবছরের মতো এবারও অংশ নিতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমেদ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, পহেলা বৈশাখে (শুক্রবার দুপুর ২টায়) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করবে জাসাস।
নয়াপল্টন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রেসক্লাব হয়ে ফের নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হবে।
পরে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন। মামুন আহমেদ বলেন, শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে অবহিত করেছি। তবে পুলিশের সহযোগিতা পাইনি। আশা করছি নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন।





























