নাকে খত দিয়ে নির্বাচনে যাবে না বিএনপি- মির্জা ফখরুল
- Update Time : ০৪:১৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে যাওয়া আর না যাওয়া একটি রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। এটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আর নাকে খত দিয়ে নির্বাচনে যাবে না বিএনপি। বরং সরকার বাধ্য হবে সকল রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনে যেতে পারে সেই চেষ্টায়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপিকে ‘নাকে খত দিয়ে’নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না।
বৃহস্পতিবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর করা মন্তব্যের প্রতিক্রিয়ায় সন্ধ্যা পৌনে ৭টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, কাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তা জনগণই ঠিক করবে। উনি (শেখ হাসিনা) যেসব বক্তব্য দিয়েছেন, তা হাস্যকর। দাম্ভিকতায় ভরা। জাতি তার কাছে দায়িত্বশীল বক্তব্য আশা করে। খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের কঠোর সমালোচনায় ফখরুল বলেন, প্রধানমন্ত্রী অনেক কথাই বলেন। এতো বেশি কথা বলেন যা জনগণের কাছে গুরুত্ব হারিয়ে যায়। খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে এটা জনগণের কাছে হাস্যকর বলে মনে হবে। কারণ বিনা ভোট ও নির্বাচনে ক্ষমতায় এসে তারা জনগণের ওপর যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে তাতে করে ক্ষমা কাকে চাইতে হবে তার বিচার করবে দেশের জনগণ।
ফখরুল বলেন, আমরা বার বার বলছি যে আমরা সংঘাত চাই না। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক সেটাও চাই না। আমরা চাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণের সরকার, গণতন্ত্র পুনঃরুদ্ধার। তাই প্রধানমন্ত্রীকে বলবো উদ্ধত্য ও দাম্ভিকতা নিয়ে দেশকে সামনে এগিয়ে নেয়া যায় না।
বিএনপি মহাসচিব আরো বলেন, তিনি যদি দায়িত্বশীল হন তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। নির্বাচনী পরিবেশ ও সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে নিয়ে আসার পরিবেশ সৃষ্টি করতে হবে, উদ্যোগ নিতে হবে। কারণ এর সকল দায়ভার প্রধানমন্ত্রী বা সরকারপ্রধানের।
এই বৈঠকে খালেদা জিয়া ছাড়াও স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।



















